সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য রাজ্য সরকারের অধীনে ২, ৩, ৪ অক্টোবর শুরু হয়েছিল সেবা সেতু অভিযান। অনেকেই এই সেবা সেতু ক্যাম্পে গিয়ে সরকারি সুযোগ-সুবিধা নিয়ে এসেছেন, অনেকে আবার ক্যাম্পে যেতে পারেন নি।
এখনও যারা ক্যাম্পে যেতে পারেন নি, তাদের মনে একটা প্রশ্ন যে তারা তাহলে কোথা থেকে সুযোগ সুবিধা পাবেন। ব্যস্ততার কারণে অনেকেই হয়তো সরকারি ক্যাম্পে যেতে পারেন নি, তাদের জন্য সুযোগ কি তাহলে পেরিয়েই গেল?
এটা কিন্তু সত্য নয়। কোন প্রকল্পের জন্য কোথায় গেলে সুবিধা পাবেন সেটা যদি জানতে পারেন তাহলে সেবা সেতু ক্যাম্পে পাওয়া সুবিধা সারা বছর আপনি পেতে পারেন।
কোন প্রকল্পে আবেদন করবেন সেটা ঠিক করে নিন?
সবার আগে আপনাকে ঠিক করে নিতে হবে যে আপনি কোন প্রকল্পে আবেদন করবেন। সব প্রকল্পের আবেদন পদ্ধতি কিন্তু সমান নয়। কোন কোন প্রকল্পের ক্ষেত্রে অনলাইন পোর্টালে আবেদন করা চলে, কোন কোন প্রকল্পের ক্ষেত্রে অফলাইনে আবেদন করতে হয়। সেক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে ফর্ম জমা দিতে হয়। তাই নিজে যে প্রকল্পে আবেদন করবেন, সেই প্রকল্পের নিয়ম একবার দেখে নেবেন।
বাংলা সহায়তা কেন্দ্র
বাংলা সহায়তা কেন্দ্র বা BSK তে গিয়ে সরকারি নানা প্রকল্পের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। তবে কোন কোন প্রকল্পে আবেদন করা যাবে, সেটা একটু জেনে নিতে হবে।
BDO ও SDO অফিস
গ্রামের লোকেরা নিজ নিজ ব্লকের বিডিও অফিসে গিয়ে খোঁজ নেবেন আর যারা শহরে থাকেন তারা প্রকল্প সংক্রান্ত যে কোনও তথ্য পেয়ে যাবেন এসডিও অফিস থেকে। রাজ্য সরকারের একাধিক ভাতা , সামাজিক সুরক্ষা ও স্থানীয় প্রশাসনের অধীনে থাকা প্রকল্পের সুবিধা পেয়ে যাবেন এই অফিসগুলো থেকে।
অনলাইন পোর্টাল
একাধিক প্রকল্পের জন্য আলাদা সরকারি একাধিক পোর্টাল আছে। তাই কোনও সরকারি প্রকল্পের সুবিধা পেতে গেলে সংশ্লিষ্ট পোর্টালে যোগাযোগ করুন। পড়ুয়াদের স্কলারশিপের জন্য আলাদা পোর্টাল আছে এবং কোনও জনহিতকর প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য অনেক সময় দেখা যায় অনলাইন পোর্টাল আছে। এগুলো একটু বিশদে জেনে নিন।
কি কি নথি লাগতে পারে?
যে কোনও প্রকল্পে আবেদন করবার জন্য কয়েকটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট লাগবে, সেগুলির তালিকা নীচে দেওয়া হল-
- আধার কার্ড,
- ভোটার কার্ড,
- ব্যাঙ্কের পাস বইয়ের প্রথম পাতার কপি,
- পাসপোর্ট সাইজের ছবি,
- মোবাইল নাম্বার,
- জাতিগত শংসাপত্র (যদি থাকে তাহলে),
অনলাইন আবেদন করতে গেলে অবশ্যই এগুলোর স্ক্যান কপি লাগবে।
ক্যাম্প ছাড়া বিকল্প না থাকলে
যদি কোনও প্রকল্পের ক্ষেত্রে ক্যাম্প ছাড়া আর অন্য কোনও ক্ষেত্রে আবেদন নেওয়ার আর বিকল্প না থাকে, সেই ক্ষেত্রে পরবর্তী ক্যাম্পের জন্য অপেক্ষা করতে হবে। এক্ষেত্রে গ্রাম এলাকা হলে পঞ্চায়েত শহর এলাকা হলে পৌরসভা তে পরবর্তী সেবা সেতু ক্যাম্পের সম্পর্কে জানা যাবে।
তবে সব ক্ষেত্রে ক্যাম্পে যেতে না পারলেও হতাশ হওয়ার দরকার নেই। প্রকল্পের নিয়ম যাচাই এবং সঠিক দপ্তরে গেলেই জানা যাবে বিকল্প ব্যবস্থা আছে কিনা। যদি বিকল্প ব্যবস্থা না থাকে তাহলে পরবর্তী ক্যাম্পের জন্য কিছুসময় অপেক্ষা করতে হবে।










